বর্তমানে ইসরায়েলে যুদ্ধকালীন আহতের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৪ জন নতুন আহত হওয়ার খবর পাওয়া গেছে, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,২৮৬ জনে। এর মধ্যে ১০০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইসরায়েলের চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলীয় বনি ব্রাক এলাকায় ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন ১১ বছর বয়সী মেয়ে এবং একজন ১৩ বছর বয়সী ছেলে রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের দিকে ধেয়ে আসা আরো ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলা মাত্র এক ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ইরান থেকে ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, এই হামলাগুলো ইসরায়েলের মধ্য, উত্তর এবং দক্ষিণাঞ্চলসহ পুরো দেশব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে।
সংবাদে আরো বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় পশ্চিম গ্যালিলি অঞ্চলে একটি ড্রোন অনুপ্রবেশের খবর পাওয়া গেছে, যা আরও বাড়তি সতর্কতা সৃষ্টি করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ওই অঞ্চলে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এর আগে, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে চালানো একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেন্দ্রীয় বনি ব্রাক এলাকায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে।

