যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত বক্তব্যকে সরাসরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজ জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে বলেছেন—ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি। গণমাধ্যমে প্রচারিত ‘পাঁচ দফা’ প্রস্তাবের বিষয়টিকেও তিনি নিছক অনুমান বলে উল্লেখ করেন।
আরাগচির ভাষ্য অনুযায়ী, যতক্ষণ না আক্রমণকারী পক্ষকে শাস্তির আওতায় আনা হচ্ছে এবং ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সংঘাত চলতে থাকবে।
এর কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করেন, যদিও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার নাম উল্লেখ করেননি।
দুই পক্ষের পরস্পরবিরোধী এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে যুদ্ধবিরতির দাবি, অন্যদিকে তা সরাসরি অস্বীকার—এতে বোঝা যাচ্ছে, সংঘাত শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত।

