ইরানে তুমুল সংঘর্ষের মধ্যে নিখোঁজ হওয়া এক মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে তাকে এখনো পুরোপুরি নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জারিরাকে দেওয়া এক বক্তব্যে মার্কিন সরকারের একজন কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে তীব্র গোলাগুলির মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি।
কর্মকর্তারা জানান, পাইলটকে শনাক্ত করে উদ্ধার করা গেলেও তাকে ইরানের বাইরে নিরাপদ স্থানে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্ধারকারী দলকে এখনও সংঘাতপূর্ণ এলাকা থেকে নিরাপদে বের হয়ে আসতে হবে।
শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ ওই ক্রুকে খুঁজতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরে তাকে উদ্ধারে দেশটির বিশেষ বাহিনীর সদস্যরা রাতে ইরানে প্রবেশ করে।
মার্কিন সংবাদমাধ্যম সিএবিএস নিউজ জানিয়েছে, পাইলটকে উদ্ধারের সময় ইরানি বাহিনীর তীব্র হামলার মুখে পড়ে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
অন্যদিকে, নিখোঁজ পাইলটকে ধরতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে এবং তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করে। এর ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং সংঘর্ষ তীব্র আকার নেয়।
সবশেষ খবর অনুযায়ী, পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তাকে ইরান থেকে নিরাপদে বের করে আনা যায়নি। ফলে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ রয়ে গেছে।

