ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। তবে বিমানটি ধ্বংস হলেও এর পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানা গেছে। তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান শুরু করেছে।
রোববার (০৫ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সামরিক সূত্রের বরাতে জানায়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। এরপর পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
সাক্ষাৎকারে ওই সূত্র দাবি করে, পাইলটের সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল, পাইলট ওই এলাকাতেই অবস্থান করছেন।
এছাড়া আরও এক ক্রু সদস্যকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলার মাধ্যমে তাকেও হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে নিখোঁজ পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে আছেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি সংশ্লিষ্ট সূত্র।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।
একই প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানের একজন পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে আরেকজন ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে সিবিএস নিউজ জানিয়েছে, নিখোঁজ ওই ক্রুকে উদ্ধারে ইরানের ভেতরে গভীর এলাকায় অভিযান চালানো হচ্ছে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে তারা জানায়, উদ্ধার অভিযানের সময় আরও দুটি মার্কিন যুদ্ধবিমান ইরানি হামলার মুখে পড়ে। এ সময় এ-১০ যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।

