লেবাননে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে। একই সময়ে আহত হয়েছেন ৪ হাজার ২৯৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল এখনো বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে ২ মার্চ সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর হামলার পর নতুন করে সংঘাত শুরু হয়।
এরপর থেকে ইসরাইল ও হিজবুল্লাহ উভয় পক্ষই বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, চলমান হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এসব আক্রমণ চালানো হচ্ছে।
এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় নিজেদের গুলিতে ইসরাইলি সামরিক বাহিনীর এক সেনা নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে শনিবার (৪ এপ্রিল) নিশ্চিত করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
সব মিলিয়ে, লেবাননের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।

