ইরান তাদের ইস্ফাহানের আকাশে মার্কিন একটি সি-১৩০ বিমান ভূপাতিত করেছে। বিমানটি আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে ইরানের পুলিশ কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স।
রোববার (৫ এপ্রিল) ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে। তারা জানায়, বিমানটি ইরানে প্রবেশ করেছিল ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে। সেই সময় বিমানটি বিধ্বস্ত করা হয়।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, উদ্ধার অভিযানে পাঠানো দুটি সামরিক বিমান ইরানে আটকে গিয়েছিল। এগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য মার্কিন সেনারা বিমানগুলো ধ্বংস করে দেয়। পরবর্তীতে আরও তিনটি বিমান ব্যবহার করে যুদ্ধবিমানের ক্রু এবং উদ্ধারকারীদের নিরাপদে উদ্ধার করা হয়।
ইরানের আরেকটি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, বিধ্বস্ত বিমানটি সি-১৩০ মডেলের ছিল এবং এটি রিফুয়েলিংয়ের কাজ করছিল। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, “ভূপাতিত বিমানটি ইরানের পবিত্র ভূমিতে হামলাকারী শয়তানদের জ্বালানি রিফুয়েলিংয়ের কাজে নিযুক্ত ছিল।”

