মধ্য ইরানে ভূপাতিত একটি মার্কিন সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রকাশিত এসব চিত্রে ইসফাহানের দক্ষিণাঞ্চলে ধ্বংসপ্রাপ্ত বিমানের অবশিষ্টাংশ দেখা গেছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর-এর মুখপাত্র জানান, দক্ষিণ ইসফাহানে ইরানি বাহিনী একাধিক মার্কিন বিমান ধ্বংস করেছে এবং ভূপাতিত একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের প্রচেষ্টাও ব্যর্থ করে দিয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, মধ্য ইরানে অনুপ্রবেশ করে পাইলট উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী এই অভিযানে জড়ায়, যার ফলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
মুখপাত্র বলেন, ইরানের মহাকাশ ও স্থল বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে অনুপ্রবেশকারী বিমানগুলোকে শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়।
তিনি দাবি করেন, এই অভিযানে একাধিক শত্রু বিমান ধ্বংস হয়েছে এবং এটিকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অপমানজনক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ১৯৮০ সালের ব্যর্থ অপারেশন ঈগল ক্ল-এর সঙ্গে এই ঘটনার তুলনা করেন।
ইরানি সূত্রের দাবি, ভূপাতিত বিমানগুলোর মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ পরিবহন বিমান ছিল, যেগুলো দক্ষিণ ইসফাহান এলাকায় আঘাতপ্রাপ্ত হয়ে আগুনে পুড়ে যায়।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

