আফগানিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘গজব লিল-হক’ অভিযানের ফলে গত ৪০ দিনে নিহত হয়েছে ৭৯৬ জন এবং আহত হয়েছে এক হাজারেরও বেশি তালেবান যোদ্ধা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় বলা হয়েছে, অপারেশন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এই সময়সীমায় তালেবান সেনাদের ২৮৬টি ছাউনি ধ্বংস হয়েছে এবং ৪৪টি পাকিস্তানি সেনাদের দখলে এসেছে। এছাড়া ২৪৯টি ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান ও ড্রোন ধ্বংস হয়েছে।
গত ২ ও ৩ এপ্রিল পাকিস্তান-আফগান সীমান্তে সম্মুখ যুদ্ধে ৩৭ জন তালেবান যোদ্ধাকে পাকিস্তানি সেনারা নিহত করেছে।
তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে গোলাবারুদ, অস্ত্র ও রসদ সরবরাহ করছে, যা তালেবান সরকার বরাবরই অস্বীকার করে আসছে।
গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান বাহিনী ব্যাপক বোমাবর্ষণ চালায়, এতে ৮০-এর বেশি নিহত হয়। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় নিহতরা সবাই টিটিপির যোদ্ধা। তবে আফগান তালেবান দাবি করেছে, তারা সাধারণ লোকালয়ে হামলা চালিয়েছে।
এরপর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সীমান্তবর্তী সেনাচৌকিগুলো লক্ষ্য করে আফগান সেনারা হামলা চালায়, বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও অপহৃত হয়। আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানায়, তাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে এবং পাকিস্তানি সেনাদের ‘নরকে পাঠানো’ হবে।
এই ঘটনার পরই ২৭ ফেব্রুয়ারি ভোর থেকে পাকিস্তান ‘গজব লিল-হক’ অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত। সীমান্ত এলাকায় হামলা ও পাল্টা হামলার ফলে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং দুই দেশের মধ্যে সংঘাত এখনো থামেনি।

