ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে জোরালো আলোচনা চললেও, এ ধরনের কোনো পরিকল্পনার কথা সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস।
মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যাখ্যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল বলেও দাবি করা হয়েছে।
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে কঠোর আলটিমেটাম দেন। এর প্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে, যেগুলোর ব্যবহার এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বক্তব্য ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত।
ভ্যান্সের এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দাবি ওঠে, যুক্তরাষ্ট্র হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেই এগোচ্ছে। বিশেষ করে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়া হলে বিষয়টি আরও আলোচনায় আসে।
তবে এসব দাবিকে একেবারেই ভিত্তিহীন বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া প্রতিক্রিয়ায় তারা জানায়, ভ্যান্সের বক্তব্যে “আক্ষরিক অর্থেই” পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত নেই। বরং ভুল ব্যাখ্যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করা হয়।
বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও, পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চরম পদক্ষেপের সম্ভাবনা আপাতত নেই—এমনটাই বোঝাতে চেয়েছে হোয়াইট হাউস।

