ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়। এতে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
যুদ্ধ শুরুর ৪০তম দিনে এসে বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। চলমান সংঘাতে বিভিন্ন দেশে নিহতের যে তথ্য পাওয়া গেছে তা নিচে তুলে ধরা হলো—
ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ জন।

লেবানন: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯ জন শিশু। দক্ষিণ লেবাননে পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী নিহত হন, যাঁরা ইন্দোনেশিয়ার নাগরিক। নিহতদের মধ্যে সাংবাদিক ও চিকিৎসাকর্মীরাও রয়েছেন।
ইরাক: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংকট শুরুর পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন।
ইসরায়েল: অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মোট ২৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র: মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত: দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দু’জন সেনাসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।
কাতার: কাতারের জলসীমায় ‘নিয়মিত দায়িত্ব পালনের’ সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।

কুয়েত: দেশটির কর্তৃপক্ষ সাতজন নিহত হওয়ার খবর দিয়েছে।
পশ্চিম তীর (ফিলিস্তিন): ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।
সিরিয়া: দক্ষিণাঞ্চলের সুয়েইদায় একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে চারজন নিহত হন।
বাহরাইন: ইরানের দুইটি পৃথক হামলায় দু’জন নিহত হয়েছেন।
ওমান: সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে ১৩ মার্চ ড্রোন হামলায় দু’জন নিহত হন।
সৌদি আরব: রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় গোলার আঘাতে দু’জন নিহত হন।
ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন।
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, সংঘাতটি কেবল কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং পুরো মধ্যপ্রাচ্য ও এর বাইরে বহু দেশে মানবিক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

