লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। যদি এই হামলা বন্ধ না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা থেকে ইরান সরে দাঁড়াবে বলে জানানো হয়েছে।
এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালের পর এই প্রথম দেশটিতে এত বড় মাত্রার হামলা চালানো হয়েছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়।
রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরের আবাসিক এলাকা, মসজিদ, যানবাহন এমনকি কবরস্থানও এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে এমন এলাকাতেও হামলা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন জানিয়েছেন, এসব হামলায় কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে কয়েক ডজন মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

