লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং আট শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে এই ভয়াবহ হামলা চালানো হয়।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনবহুল এলাকায় নির্বিচারে হামলা চালানো হয়েছে।
এই হামলায় আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। নাবিহ বেরির মতে, এটি আন্তর্জাতিক আইন ও মানবিক কনভেনশনের প্রতি স্পষ্ট অবজ্ঞা।
হামলার আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে ইসরাইলে হামলা স্থগিত রেখেছে। তবে সেই ঘোষণার পরও ইসরাইলের বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন স্থানে প্রায় ১০০টি বিমান হামলা চালায়

