গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা দেশটি গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে মনে করছে রাশিয়া। মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের সময় পশ্চিমারা আর্কটিক অঞ্চলকে ব্যবহার করতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে ডেনমার্কের স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডের দখল নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া ওয়াশিংটনের জন্য জরুরি।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে আয়োজিত আর্কটিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা বুলি মনে করা হবে বড় ধরনের ভুল। এটি কেবল কথার কথা নয় বরং এর ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে।
পুতিন আরো বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে মস্কো উদ্বিগ্ন। যদিও এই দ্বীপের মালিকানা প্রশ্নে রাশিয়া সরাসরি সম্পৃক্ত নয়, তবে ন্যাটো জোটের দেশগুলো যেভাবে পৃথিবীর একেবারে উত্তরের অংশকে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ব্যবহারের পরিকল্পনা করছে তা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা চাইছে গ্রিনল্যান্ড। স্বশাসিত এই দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আগে থেকেই রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির মধ্যেই আগামী শুক্রবার গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার এই সফরকে ঘিরে দ্বীপটির নেতারা ব্যাপক সমালোচনা করেছেন।
উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার সমুদ্রপথগুলো উন্মুক্ত হওয়ায় আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া নিজেদের স্বার্থে তৎপরতা বাড়িয়েছে।
এদিকে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে ডেনমার্ক। দেশটি জানিয়েছে, গ্রিনল্যান্ডের জনগণ ইতোমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে—তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

