মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর রাজধানী নেপিদোর হাসপাতালগুলোতে আহতদের ঢল নেমেছে। বিপুল সংখ্যক আহত মানুষ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় সময় শুক্রবার দুপুরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং অঞ্চলে। এর তীব্রতা অনুভূত হয়েছে বাংলাদেশ, চীন ও থাইল্যান্ডেও। সূত্র: এএফপি
নেপিদোর এক হাজার শয্যার হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতদের দীর্ঘ সারি দেখা গেছে। কেউ ব্যথায় কাতরাচ্ছেন, কেউ আতঙ্কে নিস্তব্ধ হয়ে পড়েছেন। স্বজনরা আহতদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অনেকের হাতে ইনট্রাভেনাস ড্রিপ লাগানো অবস্থায় দেখা গেছে।
হাসপাতালটির এক চিকিৎসক জানান, “আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভীষণ ক্লান্ত।”
হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, শত শত আহত মানুষ আসছে, অথচ জরুরি ভবনও ভূমিকম্পে ধসে পড়েছে।
আহতদের কেউ গাড়িতে, কেউ পিকআপে, আবার কেউ স্ট্রেচারে করে হাসপাতালে আসছেন। তাদের অনেকের শরীর রক্তাক্ত এবং ধুলোতে আচ্ছাদিত। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং। পরিস্থিতি পর্যালোচনা শেষে তিনি দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দেন।

