মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, বিশ্ব শান্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন।
শুক্রবার (২৮ মার্চ) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “এটি শুধু যুক্তরাষ্ট্রের শান্তির জন্য নয়, বরং বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।”
এদিন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স, এবং অন্যান্য উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা গ্রিনল্যান্ডের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। তবে, গ্রিনল্যান্ডের স্থানীয় জনগণ এবং ডেনিশ সরকারের সঙ্গে পূর্ব পরামর্শ না করায় সফর নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং সময়সীমা সংক্ষিপ্ত করা হয়।
ভ্যান্স ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং বলেন, “আর্কটিক নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা যদি নেতৃত্ব না নেয়, তাহলে চীন ও রাশিয়া এর সুযোগ নেবে।”
তিনি আরও বলেন, “আমাদের বিতর্ক গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে নয়, বরং ডেনমার্কের নেতৃত্বের সঙ্গে। তারা গ্রিনল্যান্ডের উন্নয়ন এবং নিরাপত্তায় খুব কম বিনিয়োগ করেছে।”
এই সফরে ভ্যান্সের সঙ্গে ছিলেন তার স্ত্রী উষা ভ্যান্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, এবং জ্বালানি সচিব ক্রিস রাইট।

