মক্কার পবিত্র মসজিদুল হারামে রমজান মাসের ২৯তম রাতে ওমরা পালনকারীসহ ৪১ লাখেরও বেশি মুসল্লি এশা ও তারাবিহ নামাজ আদায় করেছেন। আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এই রাতে তারাবিহ নামাজের মাধ্যমে এক খতম কোরআন তেলাওয়াত সম্পন্ন হয় যা মুসল্লিদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
পবিত্র রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলো মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত বলে গণ্য হয়। সে অনুযায়ী, ২৯তম রাতেও অসংখ্য মুসল্লি ইবাদতে মশগুল ছিলেন। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়ার দেওয়া তথ্যমতে, এ রাতে মসজিদুল হারামে ৩৪ লাখেরও বেশি মুসল্লি এশা ও তারাবিহ নামাজ আদায়ের জন্য সমবেত হন।
এছাড়া ওমরা পালনকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৬ হাজার ৬০০ জনেরও বেশি। ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে ৪২ হাজারেরও বেশি বোতল জমজম কূপের পানি বিতরণ করা হয় এবং ইফতার হিসেবে ৭ লাখ ২ হাজার প্যাকেট সরবরাহ করা হয়।
সকাল থেকেই মুসল্লি ও ওমরা পালনকারীরা মসজিদুল হারামে আসতে শুরু করেন, যার ফলে মসজিদের প্রতিটি স্থান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। শবে কদর পাওয়ার আশায় তাঁরা রাতভর ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।
এ বিশাল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সৌদি কর্তৃপক্ষ আগেভাগেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে। মুসল্লিদের সুবিধার্থে মসজিদের বিভিন্ন স্থানে দিকনির্দেশনামূলক চিহ্ন স্থাপন করা হয়। পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা, জমজম পানির সরবরাহ, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রবেশপথ এবং জরুরি চিকিৎসা সেবার জন্য বিশেষ টিম নিয়োজিত ছিল।
নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন।

