মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে, তাহলে তাদের ওপর বোমা হামলা হতে পারে।
এদিকে, রাশিয়া ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা করেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ সতর্ক করে বলেছেন, যদি ইরানের পরমাণু কর্মসূচির ওপর বোমা হামলা হয়, তা হলে এটি বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করতে পারে।
রিয়াভকভ আরও বলেন, “এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চাপ প্রয়োগের চেষ্টা। এমন পদক্ষেপ আমরা গ্রহণযোগ্য মনে করি না। এটি একেবারেই ভুল।” তিনি আরও বলেন, “এ ধরনের আল্টিমেটাম দেওয়া কোনোভাবেই ঠিক নয়।”
রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে তেমন কঠোর সমালোচনা করেনি। বরং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছেন। তবে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো এই প্রচেষ্টার সমালোচনা করেছে।
গত জানুয়ারিতে ক্রেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প এনবিসি নিউজকে গত সপ্তাহে বলেন, “যদি ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করে, তাদের ওপর বোমা হামলা হবে। এছাড়া দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করা হবে।” তিনি আরও বলেন, “যদি তারা চুক্তি না করে, তাহলে এমনভাবে বোমা বর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।”
এদিকে, ট্রাম্পের এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন বিশেষভাবে উদ্বিগ্ন। এই পরিস্থিতি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা আরও জটিল করে তুলতে পারে এবং এর ফলে বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

