গাজার তুহফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চালানো এ হামলায় তিনটি স্কুল ক্ষতিগ্রস্ত হয় যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দার আল-আরকাম স্কুলে। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্কুলে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে ১৮ শিশুসহ ২৯ জন নিহত হন এবং শতাধিক ব্যক্তি আহত হন।
সূত্রের বরাতে জানা গেছে, তুহফা এলাকার আরেকটি আশ্রয়কেন্দ্র ফাহাদ স্কুলেও হামলা চালানো হয়, যেখানে চারজন নিহত হন। একই এলাকায় শাবান আলরাইয়েস স্কুলেও হামলার ঘটনা ঘটেছে তবে সেখানে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে। তবে এসব স্কুলে চালানো হামলার সঙ্গে তাদের অভিযানের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু জানায়নি।
গাজায় অব্যাহত হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি বাড়ছে। বিশেষ করে, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রগুলোতে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

