মিয়ানমারে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ পর্যন্ত মোট ২২৭ জন আহতকে চিকিৎসা সেবা প্রদান করেছে দলটি।
শুধু শুক্রবার একদিনেই চিকিৎসা দেওয়া হয়েছে ১৫০ জন রোগীকে। এর মধ্যে দুজন ক্যান্সার আক্রান্ত রোগীর জটিল অস্ত্রোপচারে এবং একটি জটিল অর্থোপেডিক সার্জারিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জনরা।
শুক্রবার (৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৮ মার্চ মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে। মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম এখনো চলমান।
বাংলাদেশ চিকিৎসক দলের সদস্যরা শুক্রবার দেশটির ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল এবং ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। সার্বিকভাবে এ পর্যন্ত ২২৭ জন আহত ব্যক্তি চিকিৎসা সেবা পেয়েছেন বাংলাদেশের এই মানবিক উদ্যোগের মাধ্যমে।
চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি এদিন মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধসে পড়া ভবন পরিদর্শন করেন বাংলাদেশি দল। ভবনটি পরিষ্কারের জন্য একটি ক্লিয়ারিং অপারেশনের প্রতিবেদনও তৈরি করা হয়েছে।
শনিবার সরকারি কিছু ভবনে ক্লিয়ারিং অপারেশন পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

