ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বিমান হামলায় আরো ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮৭ জন।
শুক্রবার (৪ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এমনটাই তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় প্রাণ হারানোদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এ আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৩ জন, যাদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। অনেকের লাশ রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
গেল ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় নিহত হয়েছেন আরো ১ হাজার ২৪৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় হামলা শুরু করে।
এর পূর্বে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বেসামরিক জনগণের ওপর লাগাতার হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। তবে এখনো কার্যকর কোনো নিষেধাজ্ঞা কিংবা প্রতিরোধ গড়ে ওঠেনি।

