আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত ইসরাইলের বিরুদ্ধে লেবানন ও সিরিয়ায় পরিকল্পিত সামরিক উসকানি এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধ্বংসের পথে এগোচ্ছে।
সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রকাশিত ওই বিবৃতিতে আবুল গেইত জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তা ইসরাইলকে আরও বেপরোয়া করে তুলছে। তিনি বলেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, লেবানন ও সিরিয়ায় ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তা একটি নতুন ও বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। তারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে, বিদেশি ভূখণ্ডে প্রবেশ করছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করছে।
আরব লীগ মহাসচিবের দাবি, লেবাননে ইসরাইলের নতুন গুপ্তহত্যা অভিযান সরাসরি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তিনি বলেন, ইসরাইলি নেতারা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আড়াল করতে বিদেশে আগ্রাসন চালাচ্ছেন। এই বাস্তবতা এখন আন্তর্জাতিক সমাজের সামনে স্পষ্ট।
গাজা পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরাইলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ- যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী।
লেবাননে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৬ নভেম্বর পর্যন্ত ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ৩,৯৬১ জন নিহত এবং ১৬,৫২০ জন আহত হয়েছেন বলে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে।
এছাড়া সিরিয়ার নতুন সরকার ইসরাইলের বিরুদ্ধে ৩ এপ্রিল একটি পরিকল্পিত ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ অভিযান চালানোর অভিযোগ এনেছে, যেখানে সামরিক লক্ষ্যবস্তু ও একটি বিমানবন্দরে হামলা এবং দক্ষিণ দারায় স্থল অভিযানে অন্তত ১৩ জন নিহত হন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আবুল গেইত বলেন, এই বেপরোয়া আগ্রাসন বন্ধ না হলে গোটা অঞ্চল ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

