ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় এক তীর্থযাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন। সূত্র: ওড়িশা টিভি
রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরচক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাসটি পুরির উদ্দেশে যাচ্ছিল, এর পূর্বে পর্যটকেরা কাশি বিশ্বনাথ মন্দির সফর শেষে ফিরছিলেন। যাত্রীদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর কেন্দ্রের হয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরচকের কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আহতদের উদ্ধার করে দ্রুত ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশি পর্যটকদের স্বজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস।

