ইসরাইলি সেনাবাহিনীর নির্দেশে গাজা উপত্যকার জন্য পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির জাতীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেকোরোট’। এর ফলে উপত্যকার মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজা সিটি পৌর কর্তৃপক্ষ।
শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি অনুসারে দেখা যায়, পূর্ব গাজার শুজাইয়া এলাকায় অবস্থিত প্রধান পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ বিষয়ে গাজার পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, পানি সরবরাহ বন্ধ হওয়ার কারণ এখনো পরিষ্কার নয়। তবে ইসরাইলি সামরিক অভিযানের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেহান্না আরো বলেন, এটি হতে পারে সরাসরি সামরিক হামলার পরিণতি, অথবা ইসরাইলি কর্তৃপক্ষের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ফল। তবে যেভাবেই হোক- এর পরিণতি হবে ভয়াবহ। মেকোরোট থেকে পানি সরবরাহ পুনরায় চালু না হলে গাজা এক পূর্ণাঙ্গ মানবিক পানি সংকটে পড়বে।
বহু বছর ধরে অবরোধ, জীর্ণ অবকাঠামো ও ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। তার ওপর নতুন করে এই বিপর্যয় অঞ্চলটিকে আরো সংকটাপন্ন করে তুলছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। দুই মাসের অস্থায়ী যুদ্ধবিরতির পর চলতি বছরের মার্চ থেকে গাজায় আবারো সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এরই মধ্যে গাজায় পানিশূন্যতার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে।

