চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ একাধিক দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। সূত্র: জিয়ো নিউজ
কূটনৈতিক সূত্র জানায়, এ নিষেধাজ্ঞা মূলত হজ মৌসুমের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, আগামী জুনের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
সূত্র মতে, ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল। পাকিস্তানি কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দেশটির নাগরিকদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের বার্তা বাংলাদেশের প্রবাসীদের জন্যও প্রযোজ্য বলে ধারণা করা হচ্ছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু যাত্রী দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়াই হজে অংশ নিচ্ছেন, কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে সেখানে অবৈধভাবে অবস্থান করছেন। এর ফলে হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এসব কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সতর্কতা হিসেবে সৌদি সরকার জানায়, কেউ যদি এই সাময়িক ভিসা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এটি সৌদি আরবের হজ ব্যবস্থাপনাকে আরো নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করার একটি কৌশলগত পদক্ষেপ, যাতে করে অনুমোদনবিহীন হজযাত্রা এবং অনিয়ম রোধ করা সম্ভব হয়।

