চরম অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির মধ্যে বিলাসবহুল আন্টার্কটিকা সফরের কারণে ইরানের পার্লামেন্ট বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শনিবার (৫ এপ্রিল) প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, দাবিরি ও তার স্ত্রী ডাচ পতাকাবাহী বিলাসবহুল জাহাজ প্ল্যাঙ্কিয়াস-এর পাশে দাঁড়িয়ে রয়েছেন। জানা গেছে, জাহাজটি ২০০৯ সাল থেকে আন্টার্কটিকায় বিলাসবহুল অভিযানের আয়োজন করে আসছে। একটি সফরের জন্য জনপ্রতি খরচ প্রায় ৩,৮৮৫ ইউরো।
এই ছবি প্রকাশের পর ইরানে শুরু হয় তীব্র সমালোচনা। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দাবিরির এমন কর্মকাণ্ডে সরকার সমর্থকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়। এরপরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, যখন দেশের জনগণ চরম অর্থনৈতিক চাপে রয়েছে, তখন দায়িত্বশীল কোনো কর্মকর্তার এমন ব্যয়বহুল ভ্রমণ, তা ব্যক্তিগত খরচেই হোক- নাগরিকদের কাছে গ্রহণযোগ্য নয়।
৬৪ বছর বয়সী শাহরাম দাবিরি পেশায় চিকিৎসক এবং ২০২৩ সালের আগস্টে তাকে ডেপুটি প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দাবিরির কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সফরটি তিনি সরকারি দায়িত্ব নেওয়ার আগেই সম্পন্ন করেছিলেন।
এর আগে চলতি বছরের মার্চে অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশটির অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকেও বরখাস্ত করে পার্লামেন্ট। এ নিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রশাসনে এটি দ্বিতীয় বড় ধাক্কা। প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

