ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এখন আইন হিসেবে কার্যকর হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্য দিয়ে সংসদে পাস হওয়া বিলটি আইনে পরিণত হয়।
এর পূর্বে ২ এপ্রিল গভীর রাতে লোকসভায় দীর্ঘ বিতর্কের পর ৫৬ ভোটের ব্যবধানে পাস হয় বিলটি। এতে ২৮৮ জন সদস্য পক্ষে এবং ২৩২ জন বিপক্ষে ভোট দেন। পরদিন ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায়ও পাস হয় সংশোধনী বিলটি। এরপর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। ইতোমধ্যেই ভারত সরকারের গেজেটে সংশ্লিষ্ট আইনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নতুন আইনে “ওয়াকফ” শব্দের সংজ্ঞা পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ওয়াকফ হলো ‘ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন’। সংশোধিত আইন অনুযায়ী, কোনো সম্পত্তি ওয়াকফের অন্তর্ভুক্ত কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। এছাড়া ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকছে।
ওয়াকফ বোর্ড এতদিন মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, আশ্রয়কেন্দ্র ও ধর্মীয় স্থাপনার সম্পত্তি পরিচালনা করত। নতুন আইনের ফলে এসব সম্পত্তির ব্যবস্থাপনায় সরকারি প্রভাব বাড়বে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। তাদের দাবি, এই আইন সরকারকে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ দেবে এবং তা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।
উল্লেখ্য লোকসভায় এ নিয়ে প্রায় ১৩ ঘণ্টা এবং রাজ্যসভায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিতর্ক চলে। সব প্রতিবাদ ও আপত্তি উপেক্ষা করে শেষ পর্যন্ত আইনে পরিণত হলো এই বিতর্কিত বিল।

