যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেক জায়ান্ট ইলন মাস্কের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দেশটির ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ২০০ স্থানে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার বিরুদ্ধে সবচেয়ে বড় জনসমাগম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াশিংটন ডিসির মেঘলা ও বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও হাজারো মানুষ জড়ো হন ন্যাশনাল মলের দিকে। বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে নানা ধরনের প্ল্যাকার্ড। যেখানে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’ ইত্যাদি। আয়োজকেরা জানান, কেবল ন্যাশনাল মল এলাকায় ২০ হাজারেরও বেশি মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল।
‘হ্যান্ডস অফ’ নামের এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় প্রায় দেড় শতাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এর মধ্যে অন্যতম ‘ইনডিভিজিবল’-এর সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, এই বিক্ষোভের মাধ্যমে আমরা ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য এবং তাদের সমর্থকদের স্পষ্ট বার্তা দিতে চাই- আমরা গণতন্ত্রে হস্তক্ষেপ মেনে নেব না।
নতুন গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে আসার পর মাস্কের নির্দেশনায় কেন্দ্রীয় সরকারের প্রায় ২ লাখের বেশি চাকরি বাতিল করা হয়েছে। শুধু সামাজিক নিরাপত্তা প্রশাসন থেকেই ছাঁটাই করা হয়েছে সাত হাজার কর্মী। এর প্রতিবাদে মেরিল্যান্ডের বাল্টিমোরে সংস্থাটির কার্যালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভে অংশ নেওয়া লিন্ডা ফ্যালকাও বলেন, আমি আতঙ্কিত, আমি ক্ষুব্ধ। এই দেশ কোন পথে এগোচ্ছে, তা ভেবে হতবিহ্বল হয়ে যাচ্ছি।
শনিবারের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনের মতো শহরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান স্থানীয়রা। ব্যানারে লেখা ছিল- ‘আইনের শাসন চাই’, ‘অত্যাচারীর পতন ঘটাও’, ‘গণতন্ত্র রক্ষা করো’।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। অবৈধ অভিবাসন দমন, ট্রান্সজেন্ডার অধিকার খর্ব ও বিদেশি সহায়তা বন্ধের মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। অনেক আদেশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কিছু আদেশ আদালত স্থগিতও করেছেন।

