আসন্ন কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডা. এ এস এম নুরুল্লাহ তরুন। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে তিনি টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে লড়বেন।
ডা. তরুন এবারের নির্বাচনে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। পাশাপাশি, এটি কানাডার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাঙালি চিকিৎসকের ফেডারেল নির্বাচনে প্রার্থিতা- যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
খুলনা জেলার সন্তান ডা. নুরুল্লাহ তরুন বাংলাদেশে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা ডিগ্রি অর্জন করেন। এরপর কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসন ক্যাম্পে এবং ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। পরবর্তীতে কানাডা গমন করে ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি টরন্টোতে একজন ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন এবং কমিউনিটিতে তার সুপরিচিতি রয়েছে।
নির্বাচনী ইশতেহারে ডা. তরুন জানিয়েছেন, তিনি একটি সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও সুস্থ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উন্নত স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং পরিশ্রমী পরিবারগুলোর কল্যাণে কাজ করতে চান।
ডা. তরুনের প্রার্থিতা ইতোমধ্যেই কানাডা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আশাবাদের জন্ম দিয়েছে। নির্বাচনে তার অংশগ্রহণকে ‘প্রবাসে বাঙালির অগ্রযাত্রার প্রতীক’ হিসেবে দেখছেন অনেকে।

