ইসরায়েলের একটি কারাগারে এক ফিলিস্তিনি কিশোর মারা গেছে। তার বয়স ছিল ১৭ বছর। নাম ওয়ালিদ খালিদ আহমেদ। ময়নাতদন্তে জানা গেছে, সে অপুষ্টিতে ভুগে মারা গেছে।
প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি বা পিপিএস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো কিশোরের মৃত্যু হলো কারাগারে।
ওয়ালিদের পরিবার এবং পিপিএস জানায়, সে মারা যায় ২২ মার্চ। জায়গাটি ছিল ইসরায়েলের মেগিদো কারাগার। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলি সেনারা তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করা হয় রামাল্লার নিজ বাড়ি থেকে।
তাকে পাথর ছোঁড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল, সে ককটেল বোমাও ছুঁড়েছে।
তবে ওয়ালিদের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। পিপিএস জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। এমনকি মামলার শুনানাও বারবার পিছিয়ে দেওয়া হয়েছিল। তারা বলছে, ইচ্ছা করেই শুনানি পেছানো হয়েছিল।
ওয়ালিদ মারা যাওয়ার পাঁচ দিন পর তার ময়নাতদন্ত হয়। এটি হয় তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে। সেই ময়নাতদন্তের একটি কপি পরিবারের কাছে রয়েছে। তারা সেটি সিএনএনকে দিয়েছে।
ঘটনা নিয়ে জানতে চাওয়া হয়েছিল ইসরায়েলের নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা বাহিনীর কাছে। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। পরে দেশটির আইন মন্ত্রণালয় জানায়, কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
কারা কর্তৃপক্ষ জানায়, কিশোরের শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসক দল পাঠানো হয়েছিল। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে এরপরও তাকে বাঁচানো যায়নি।
কারাগারে যে কোনো মৃত্যুর মতো এই ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত শেষে একটি প্রতিবেদন দেবে। সেটি জমা দেওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
ওয়ালিদের মৃত্যু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যুদ্ধের সময় ফিলিস্তিনি কিশোরদের জীবন কতটা অনিরাপদ। তাদের জীবনে ভয়, অনিশ্চয়তা আর অন্যায়ের ছায়া কতটা গভীর।

