ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে হামাস। লক্ষ্য ছিল ইসরায়েলের আশদাদ শহর। এ হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।
হামলার কথা স্বীকার করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। তারা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে। এর বেশিরভাগই প্রতিরোধ করা হয়েছে।
ইসরায়েলের পত্রিকা হারেৎজ জানিয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। এতে কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় হামাস। এতে প্রায় এক হাজার ১৪০ জন নিহত হন। দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে পরে ছেড়ে দেয় হামাস।
এই ঘটনার পরদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখনও সেই হামলা চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দীর্ঘ হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন।
তবে গাজার জনসংযোগ কার্যালয়ের মতে, নিহতের সংখ্যা আরও বেশি। তারা জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন। এই সংখ্যার মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।

