ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বিলিয়ন ডলারের বেশি ব্যয় হলেও এখনও উল্লেখযোগ্য কৌশলগত সাফল্য অর্জিত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১৫ মার্চ শুরু হওয়া এই অভিযানে তিন সপ্তাহেই ব্যয় ছাড়িয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। তবে এতে হুথিদের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য আঘাত হানা সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত হয়েছে ব্যয়বহুল দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র জেএএসএসএম (JASSM), স্মার্ট বোমা জেএসওডব্লিউ (JSOW) এবং টমাহক ক্ষেপণাস্ত্র। এছাড়া বি-২ স্টেলথ বোমারও মোতায়েন করা হয়েছে ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে। আরো একটি বিমানবাহী রণতরি, কয়েকটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত বাজেট চাওয়া হতে পারে। তবে এটি অনুমোদন পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা, কারণ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দল থেকেই এর সমালোচনা উঠছে। এমনকি সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স একে “ভুল” বলেও মন্তব্য করেছেন।
সূত্রগুলো জানায়, হুথিদের সামরিক নেতাদের মধ্যে কয়েকজন নিহত হলেও গোষ্ঠীটি এখনো শক্ত অবস্থানে রয়েছে। তারা লোহিত সাগরে মার্কিন ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে, এমনকি সম্প্রতি একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে, যা এ অভিযানের মধ্যে দ্বিতীয় ড্রোন ধ্বংস।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, হুথিদের ওপর টানা বিমান হামলায় কিছু সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং তাদের ওপর চাপ বেড়েছে। তবে তারা এখনো আন্ডারগ্রাউন্ড বাংকারে অস্ত্র মজুদ করছে এবং কৌশলগত অবস্থান ধরে রেখেছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, হুথিদের ‘শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ’ একটি অভিযানে নিহত হয়েছেন। তার মৃত্যু হয় ইয়েমেনে বান্ধবীর বাসায় প্রবেশের সময় ভবন ধসে পড়লে।
তবে প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, মার্কিন বাহিনী যথাসম্ভব লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করছে যাতে বেসামরিক হতাহতের আশঙ্কা কমে। এক কর্মকর্তা বলেন, আমরা প্রতিটি হামলায় টার্গেট নির্ভুলভাবে বেছে নিচ্ছি এবং অপারেশনের কার্যকারিতা নিশ্চিত করতে যা প্রয়োজন, তাই করছি।
এদিকে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের কর্মকর্তাদের মধ্যে এই অভিযান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, হুথিদের বিরুদ্ধে বিপুল পরিমাণে দূরপাল্লার অস্ত্র ব্যবহারে ভবিষ্যতে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি দুর্বল হতে পারে।
তবে অপর এক প্রতিরক্ষা কর্মকর্তা সেই উদ্বেগকে অতি বাড়াবাড়ি আখ্যা দিয়ে বলেন, হুথিদের প্রতিরোধে প্রয়োজনে দূরপাল্লার অস্ত্র ব্যবহারেই আমরা প্রস্তুত এবং এর জন্য কোনো অনুশোচনা নেই।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) প্রধান এখন প্রতিটি হামলার জন্য সরাসরি হোয়াইট হাউসের অনুমোদনের প্রয়োজন ছাড়াই সিদ্ধান্ত নিতে পারছেন, ফলে অভিযান আরো গতি পেয়েছে। তবে হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

