মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দ্বিতীয় মেয়াদ শেষে তিনি আবারও ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়ে সংবিধানবিরোধী মনোভাব প্রকাশ করছেন কি না- এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে।
এর পূর্বেও ট্রাম্প বলেছিলেন, তিনি “এক দিনের জন্য স্বৈরশাসক” হতে চান। যদিও পরে দাবি করেছিলেন, কথাটি তিনি রসিকতার ছলে বলেছেন। তবে এবার তিনি সরাসরি তৃতীয়বার ক্ষমতায় থাকার সম্ভাবনার কথা বলেছেন- যা মার্কিন সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে পারবেন না। কিন্তু ট্রাম্পের মন্তব্য সেই ঐতিহাসিক সাংবিধানিক সীমাবদ্ধতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কথার ছলে বলা হলেও এর রাজনৈতিক প্রভাব সুদূরপ্রসারী। একদিকে রিপাবলিকান শিবিরে কেউ কেউ একে মজা হিসেবে নিলেও- অন্যদিকে ট্রাম্প-বিরোধীরা এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটি সুপরিকল্পিত আঘাত হিসেবে দেখছেন।
ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান ড্যানিয়েল গোল্ডম্যান বলেন, এটি গণতন্ত্রকে দুর্বল ও অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টা। মানুষ বুঝতে পারছে না যে এটি এখন কল্পনার জগতে নেই, বাস্তবেই গণতন্ত্রের ওপর হামলা শুরু হয়েছে।
গোল্ডম্যান আরো বলেন, ট্রাম্প যা বলছেন, তা নিছক বিতর্ক তৈরির জন্য নয়- এটি সংবিধানকে পাশ কাটিয়ে স্বেচ্ছাচারী ক্ষমতা অর্জনের এক ধাপ।
উল্লেখ্য, ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ফলাফল উল্টে দিতে চেষ্টা করেছিলেন। এমনকি তিনি নির্বাচন ছাড়াই হোয়াইট হাউসে ফিরে আসতে সংবিধান বাতিলের দাবিও তোলেন।
সম্প্রতি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর মাত্র ১১ সপ্তাহে যে সংখ্যক নির্বাহী আদেশ জারি করেছেন- তা আধুনিককালে কোনো প্রেসিডেন্টের রেকর্ড ছাড়িয়েছে। সর্বশেষ গত বুধবার কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত ও বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা নয় বরং বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। আর ট্রাম্পের তৃতীয় মেয়াদের ইঙ্গিতকে অনেকেই গণতন্ত্রের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।

