জাতিসংঘ সতর্ক করেছে যে, সহায়তাসংক্রান্ত বাজেটে কাটছাঁটের ফলে গর্ভকালীন এবং প্রসবকালীন মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পেতে পারে। এ ধরনের সিদ্ধান্তে বছরের পর বছর ধরে অর্জিত অগ্রগতি এখন হুমকির মুখে পড়েছে, এমনটাই জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে।
আজ সোমবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং অন্যান্য জাতিসংঘ সংস্থার যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে। এটি সম্ভব হয়েছে মূলত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাগুলোর আরও সহজলভ্যতা এবং উন্নতির কারণে।
তবে এখন পরিস্থিতি পরিবর্তন হতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচও সহ কোনো সংস্থা সরাসরি সহায়তাসংক্রান্ত বাজেটে কাটছাঁটের বিষয়টি উল্লেখ না করলেও- মার্কিন সরকারের বিদেশি সহায়তা স্থগিত এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তহবিল বন্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এছাড়া ব্রিটেনসহ অন্যান্য দাতা দেশগুলোও সহায়তাসংক্রান্ত বাজেট কমানোর পরিকল্পনা নিয়েছে।
ডব্লিউএইচওর ইউনিভার্সাল হেলথ কভারেজের সহকারী মহাপরিচালক ড. ব্রুস অ্যালওয়ার্ড বলেন, এই তহবিলের কাটছাঁট শুধু মাতৃমৃত্যুর হার হ্রাসের অগ্রগতি বাধাগ্রস্ত করবে না বরং এতে আমরা পিছিয়ে পড়তে পারি।
তিনি আরো বলেন, এই কাটছাঁটের ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্যব্যবস্থায় ‘মহামারির মতো প্রভাব’ পড়তে পারে এবং ভবিষ্যতে কাঠামোগত ও বড় ধরনের প্রভাব দেখা দিতে পারে।
ডব্লিউএইচও জানিয়েছে, এই বাজেট কাটছাঁটের কারণে অনেক দেশে মাতৃ, নবজাতক এবং শিশুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মী সংকট, সুবিধার অভাব এবং চিকিৎসা সরবরাহের ব্যাঘাতের মতো সমস্যাগুলো চরম আকার ধারণ করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়, ম্যালেরিয়া এবং এইচআইভি চিকিৎসা ক্ষেত্রেও এই কাটছাঁট প্রভাব ফেলতে পারে।
জাতিসংঘ জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বাজেটে কাটছাঁটের আগেও কিছু দেশ মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে পিছিয়ে ছিল। ২০১৬ সালের পর এ ক্ষেত্রে অগ্রগতি ধীর হয়ে গেছে।
২০২৩ সালে, এমন কিছু প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য সমস্যা নিয়ে প্রতি দুই মিনিটে প্রায় একজন নারীর মৃত্যু ঘটেছে। সে বছর এ ধরনের মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজারে পৌঁছেছিল।

