ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াক্ফ আইন সংশোধনের পর দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পর বহু জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমেছেন। বিক্ষোভের এক পর্যায়ে বিজেপির এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেন প্রতিবাদকারীরা। তিনি মণিপুর রাজ্যে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি।
সোমবার জম্মু-কাশ্মীরের বিধানসভায় এ নিয়ে উত্তেজনা ছড়ায়। শাসক দলের সদস্যরা সভায় প্রবল বিরোধিতা করেন। ন্যাশনাল কনফারেন্স দলের পক্ষ থেকে আইনটির বিরোধিতায় একটি প্রস্তাব তোলার কথা বলা হয়। তবে স্পিকার আবদুল রহিম রাথের জানান, এই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এখন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না। স্পিকারের এই বক্তব্যের পর সভায় স্লোগান শুরু হয়।
বিজেপি নেতা সুনীল শর্মা বলেন, পার্লামেন্ট এই বিল পাস করেছে। রাষ্ট্রপতি এতে সই করেছেন। এখন এটি আইনে পরিণত হয়েছে। ফলে কোনো রাজ্য বিধানসভার এখতিয়ার নেই এই আইন নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার।
ভারতে মুসলিম ধর্ম অনুযায়ী, কেউ যদি তার সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা দাতব্য কাজে দান করেন, সেটাকে বলা হয় ওয়াক্ফ সম্পত্তি। এই সম্পত্তি যে উদ্দেশ্যে দান করা হয়, তা ছাড়া অন্য কাজে ব্যবহার করা যায় না। এটি বিক্রি করাও নিষিদ্ধ।
সম্প্রতি পার্লামেন্টে এই ওয়াক্ফ আইনে পরিবর্তন এনে একটি নতুন আইন পাস করা হয়। এই নতুন আইন অনুযায়ী, ওয়াক্ফ সম্পত্তি পরিচালনার নিয়ম পরিবর্তন করা হয়েছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি টাকার সম্পদ কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেটি এখন নতুনভাবে নির্ধারিত হচ্ছে। এই কারণেই শুরু হয়েছে তীব্র প্রতিবাদ।
সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, রোববার সন্ধ্যায় মণিপুরে বিজেপি নেতা আসকার আলীর বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। তারা দাবি করে, তিনি এই আইনকে সমর্থন করেছেন।
রোববার রাজ্যের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিক্ষোভ হয়। থৌবাল জেলার লিলং এলাকায় একটি সমাবেশে পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নেন। আগেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। পরে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়।
লিলংয়ের আলিয়া মাদ্রাসা এলাকা হয়ে হাওরেবিতে সমাবেশের অনুমতি দেওয়া হয়। লিলং এলাকাটি মণিপুরের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা।
সোমবার সকাল থেকেই মুসলিম প্রধান এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তবে মুসলিম সম্প্রদায়ের অনেকেই বলেন, এটি একটি চাপ প্রয়োগের কৌশল। তাদের মতে, এইভাবে তারা গণতান্ত্রিক প্রতিবাদ থেকে বিরত রাখার চেষ্টা করছে।
কিছু এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। থৌবালের ইরোং চেসাবা এলাকায় এক সমাবেশ বন্ধ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পিটিআই জানায়, ওয়াক্ফ আইনের বৈধতা নিয়ে অনেক মামলা দায়ের হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট তা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি।
সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আদালতে আইনজীবী কপিল সিবাল শুনানির জন্য অনুরোধ করেন। তিনি বলেন, জামায়াত-ই-উলেমা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। অনেক মানুষ এই আইনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত শুনানি শুরু করা দরকার।
তিনি আরও বলেন, প্রতিবাদ করলেই অনেককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বর্তমানে ভারতজুড়ে এই আইন নিয়ে যে বিরোধ চলছে, তা কতদূর গড়াবে, তা এখনো স্পষ্ট নয়। মুসলিম সম্প্রদায়ের অনেকে এই আইনকে তাদের ধর্মীয় অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। অন্যদিকে সরকার বলছে, এই পরিবর্তন ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে।
এই দ্বন্দ্বের মধ্যে পরিস্থিতি কোন দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়।

