ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার বেসামরিক মানুষের ওপর চালানো নিপীড়ন আর নির্যাতনের ভয়াবহ বিবরণ উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে। গোপন পরিচয়ে ইসরায়েলি সেনারা নিজেরাই স্বীকার করেছেন যুদ্ধের নামে চালানো নৃশংসতা- “চোখের সামনে যাকে পেয়েছি, তাকেই হত্যা করেছি।”
দখলবিরোধী ইসরায়েলি সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স- এর একটি প্রতিবেদনে দেখা যায়, কীভাবে গাজার বাফার জোনকে রূপান্তর করা হয়েছে একটি ‘কিলিং জোনে’। ৫০০ মিটারের মধ্যে কাউকে দেখলেই গুলি করার নির্দেশ ছিল- সে নারী, শিশু বা বয়স্ক যেই হোক না কেন।
এক সেনা কর্মকর্তা বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাস আমাদের আক্রমণ করেছিল, আর আমরা এসেছি প্রতিশোধ নিতে। কিন্তু এখানে এসে দেখি- শুধু হামাস নয়- তাদের স্ত্রী, সন্তান, এমনকি কুকুর-বিড়াল পর্যন্ত হত্যা করছি আমরা।
ইসরায়েলি সেনাদের এসব স্বীকারোক্তি তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএসোসিয়েটেড প্রেস (এপি)। তারা জানায়, পাঁচজন সেনা নাম প্রকাশ না করার শর্তে বর্ণনা দিয়েছেন কীভাবে গাজার জনবহুল অঞ্চলগুলোকে একরকম পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে।
গাজার কৃষিকাজ ও আবাসন এলাকা ‘বাফার জোন’ ছিল এক সময় লাখো ফিলিস্তিনির জীবিকার কেন্দ্র। এখন সেখানে কিছুই অবশিষ্ট নেই। সেনাদের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে সরকারের নির্দেশে ফসলের মাঠ, সেচ পাইপ, সরকারি-বেসরকারি স্থাপনা, এমনকি গাছপালাও ধ্বংস করা হয়েছে।
স্যাটেলাইট চিত্রে স্পষ্ট, পুরো অঞ্চল এখন ধ্বংসস্তূপ। যুদ্ধের প্রথম দিকে গাজার সীমান্তবর্তী ১ কিলোমিটারের বেশি এলাকার মানুষজনকে জোরপূর্বক সরিয়ে তৈরি করা হয় এই বাফার জোন। সেখানে এখন মোতায়েন রয়েছে বাড়তি সেনা।
গাজার ‘নেতজারিম করিডোর’ দখল করে গাজা সিটি ও উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলে ইসরায়েল। এতে মানবিক পরিস্থিতির আরো অবনতি ঘটে।
এই ভয়াবহতার সরাসরি ভুক্তভোগী গাজার কৃষক নিদাল আলজানিন। যুদ্ধবিরতির সুযোগে নিজ ভিটায় ফিরলেও পাননি কিছুই- শুধু স্ত্রীর সঙ্গে একটি ছবি, ছেলের মুখ আঁকা একটি প্লেট আর ১৫০ বছরের পুরনো ডুমুর গাছ।
নিদাল বলেন, “এই ঘর গড়তে লেগেছিল ২০ বছর। ধ্বংস করতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। শুধু বাড়ি নয়, ওরা আমার স্বপ্নও শেষ করে দিয়েছে।”
নিদালের মতো লাখো ফিলিস্তিনিই এখন নিঃস্ব। যুদ্ধবিরতির সুযোগে তাঁবু খাটিয়ে ধ্বংসস্তূপের ওপরই বাস শুরু করেছিল অনেকে। কিন্তু সেটিও বেশি দিন টিকলো না। গত ১৮ মার্চ, সেহেরির সময় নতুন করে আবারো গাজায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নতুন হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৩ হাজার ২৯৭ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনির- যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে অবরোধ ও হামলার কারণে পোলিও টিকা না পাওয়ায় গাজার ৬ লাখ ২ হাজার শিশু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বিশ্ব সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন- এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়?

