পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে ইরানও। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-র বরাতে জানা গেছে, এই বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল, ওমানে।
ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, “আমাদের সামনে একটি বড় বৈঠক রয়েছে। আমরা সরাসরি ইরানের সঙ্গে কাজ করছি এবং সম্ভাব্য একটি চুক্তির দিকেই এগোচ্ছি। যদি সেটা হয়, তবে দারুণ হবে। আর যদি না হয়, সেটা হবে ইরানের জন্য খুব খারাপ দিন।”
মার্কিন প্রেসিডেন্ট এসময় সাফ জানিয়ে দেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তবে ওয়াশিংটন অন্য পথেও এগোতে পারে বলে সতর্ক করেন তিনি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি সুযোগের মতোই একটি পরীক্ষা। এখন বল আমেরিকার কোর্টে।”
বিশ্লেষকরা বলছেন, কয়েক মাস আগেও যেখানে উত্তেজনা চরমে ছিল, সেখানে সরাসরি আলোচনায় বসার এই ঘোষণা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তাপ কিছুটা কমাতে পারে।
উল্লেখ্য গত মার্চে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন। যদিও ইরান তখন সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এরপরও তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চালু ছিল বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। সেই পটভূমিতে সরাসরি বৈঠকের ঘোষণা নতুন কূটনৈতিক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের এই উচ্চ পর্যায়ের আলোচনা যদি সফল হয়, তবে এটি হতে পারে পারমাণবিক উত্তেজনা নিরসনের একটি গুরুত্বপূর্ণ মোড়।

