মিয়ানমারে ২৮ মার্চের ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মৃতের সংখ্যা ৩,৬০০-এ পৌঁছেছে এবং আরও শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখনও চলছে, যেখানে আরো মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া সিনহুয়া নিউজের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে ৫,০১৭ জন আহত হয়েছেন এবং নিখোঁজদের মধ্যে ১৬০ জনের হদিস এখনও মেলেনি। এটি মিয়ানমারের ইতিহাসে এক শতাব্দির মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল, যা দেশের বহু প্রাচীন গির্জা ও আধুনিক ভবন ধ্বংস করে দিয়েছে।
উদ্ধার কার্যক্রম শুরু হওয়ার পর, চীন, রাশিয়া এবং ভারত দ্রুত উদ্ধারকারী দল পাঠায়। বাংলাদেশের উদ্ধারকারী দলও মিয়ানমারে গিয়ে আহতদের উদ্ধার এবং নিখোঁজদের খোঁজে কাজ করছে। তবে উদ্ধার তৎপরতা অনেক এলাকায় বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে সাগাইং অঞ্চলে, যেখানে সামরিক সরকারের অনুমোদন ছাড়া উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, সাগাইং অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যাধিক- এখানে অন্তত ৬৯৩ জন নিহত হয়েছেন। ভারী যন্ত্রপাতির অভাব এবং ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজে ধীরগতির কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে।
মিয়ানমারে চলমান এই দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। যুক্তরাষ্ট্র- যদিও ইউএসএইড কার্যক্রম বন্ধ করে দিয়েছে, তবে দেশটি ৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

