দক্ষিণ কোরিয়ায় আগামী ৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সামরিক আইন জারির ঘটনায় অভিশংসিত হয়ে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অপসারণের প্রায় চার মাস পর এই ঘোষণা এলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর থেকে কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। ইউন সুক ইওল সামরিক শাসন জারির মাধ্যমে বেসামরিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলে সাংবিধানিক আদালত তাকে অভিশংসন করে পদ থেকে সরিয়ে দেয়।
সম্প্রতি আদালত ইউনের অভিশংসনের বৈধতা বহাল রাখে এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়।
প্রধানমন্ত্রী হ্যান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য জাতীয় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির সময় নিশ্চিত করতে এবং ভোটদানে নাগরিকদের উৎসাহ দিতে ৩ জুনকে অস্থায়ী সরকারি ছুটি ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবাধ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন একটি নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন হ্যান।
দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট অভিশংসিত হলে তার অপসারণের ৩ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ইউন সুক ইওলের অপসারণের পর প্রায় চার মাস পার হয়ে গেছে।
বর্তমানে প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক আদালত তার আগের পদচ্যুতি বাতিল করে তাকে পুনর্বহাল করে।

