সৌদি আরবের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে সফরের আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। মঙ্গলবার (৮ এপ্রিল) শুরু হওয়া এই সফরে তিনি ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সূত্র: রয়টার্স
সূত্রমতে, এ সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বসন্তের শেষ দিকে ট্রাম্পের সম্ভাব্য সৌদি সফর নিয়ে আলোচনা। একইসঙ্গে গাজা পরিস্থিতি এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে প্রিন্স ফয়সালের।
রয়টার্স মতে, ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপের ঘোষণা সফরের আগেই নির্ধারিত ছিল। তবে এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং সৌদি তেলের দামেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সফর নিয়ে বিস্তারিত কিছু না জানালেও- বুধবার (৯ এপ্রিল) প্রিন্স ফয়সালের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকের কথা রয়েছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মে মাসের শুরুতে সৌদি সফরে গিয়ে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি সই করতে পারেন। পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও সফরের পরিকল্পনা রয়েছে তার।
আরব নিউজের বরাতে বলা হয়েছে, এই সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

