যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের প্রতি দিনপ্রতি ৯৯৮ ডলার হারে জরিমানা করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ না ছাড়লে এ জরিমানা আরোপ করা হবে, এমনকি অনাদায়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আংশিকভাবে কার্যকর হওয়া ১৯৯৬ সালের এক আইনকে ভিত্তি করেই এ পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে প্রশাসন। পাঁচ বছরের জন্য পুনরায় এই নিয়ম চালুর চিন্তা করছে তারা।
ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “এই জরিমানার পরিমাণ কয়েক লাখ ডলার থেকে ১০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। অর্থ না দিলে সম্পত্তি জব্দ এবং বিক্রির পথও খোলা রাখা হবে।”
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন রয়টার্সকে বলেন, “অবৈধ অভিবাসীদের উচিত এখনই স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করা। সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে তারা স্বেচ্ছা প্রত্যাবাসনের সুযোগ নিতে পারে।”
প্রসঙ্গত, ‘সিবিপি হোম’ নামের এই অ্যাপটি মূলত সিবিপি ওয়ান নামে পরিচিত মোবাইল অ্যাপের নতুন সংস্করণ। এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার একটি ‘স্বেচ্ছামূলক পথ’ দেখাতে চাইছে ট্রাম্প প্রশাসন।
ডিএইচএস চলতি বছরের ৩১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই জরিমানার হুঁশিয়ারি দেয়। এদিকে, রয়টার্স পর্যালোচিত কিছু ইমেইলের সূত্র ধরে জানিয়েছে, হোয়াইট হাউজ থেকে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সংস্থাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে চাপ দেওয়া হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়ার আদেশের আওতায় থাকা প্রায় ১৪ লাখ অভিবাসীকে এই জরিমানার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে চার্চে আশ্রয় নেওয়া ৯ জন অভিবাসীর বিরুদ্ধে কয়েক লাখ ডলার জরিমানা ধার্য করা হয়েছিল, পরে তা কমিয়ে জনপ্রতি ৬০ হাজার ডলারে আনা হয়।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে এই জরিমানার নিয়ম বাতিল করে দেন। পুনরায় তা চালু করতে চাইছে ট্রাম্প প্রশাসন, যা ২০২4 সালের নির্বাচনে তার পুনরায় প্রেসিডেন্সি পেলে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

