গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাদের অনেককেই এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অনুসারে জানা যায়, গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দেখা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর থেকে ইসরায়েল গাজার বিভিন্ন স্থানে বোমা বর্ষণ অব্যাহত রাখে, যার ফলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান অভিযানে এ পর্যন্ত ৫০ হাজার ৮১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজকে মৃত ধরে তারা যে হিসাব করেছে, তাতে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। যেহেতু বহু মরদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নি, তাই প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগের দিন, সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলি হামলায় নিহত হন ৬০ জন ফিলিস্তিনি। সেই দিনও বহু মানুষ আহত হন এবং অনেককে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ইসরায়েল দাবি করে, হামাসের ওই হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মি হয়েছিল। হামাস নির্মূল এবং জিম্মিদের উদ্ধারের অজুহাতে তারা এখন অভিযান আরো তীব্র করেছে।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিম অংশেও চলছে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান। বিশেষ করে তেল আল-সুলতান পাড়ায় বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। এলাকাজুড়ে বিমান হামলার পাশাপাশি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শহরের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ধ্বংস, আতঙ্ক ও শোকের ছায়া।

