চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লংহুয়া কাউন্টির ওই বৃদ্ধনিবাসে আগুনের সূত্রপাত ঘটে।
বুধবার (৯ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এএফপি প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে থাকা অন্যান্য বয়স্ক বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। এখনো স্পষ্ট নয় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল।
চীনে ভবন নির্মাণে নিরাপত্তা মান বজায় না রাখা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষত হাসপাতাল, নার্সিং হোম বা শিল্প-কারখানার মতো জায়গায় এসব অবহেলা মারাত্মক প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং দেশের অন্যান্য বৃদ্ধনিবাসেও জরুরি নিরাপত্তা যাচাই শুরু হয়েছে বলে জানা গেছে।

