সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশি ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছেড়ে যাওয়ার জন্য সকল বিদেশি মুসল্লিকে নির্দেশ দেওয়া হয়েছে। হজ মৌসুম শুরুর প্রস্তুতি নিতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
গালফ নিউজের একটি প্রতিবেদনে দেখা যায়, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের মতে, এ বছর ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল পর্যন্ত। এর পর কোনো বিদেশি মুসল্লি ওমরাহ পালনের জন্য সৌদি আরব প্রবেশ করতে পারবেন না। হজ মৌসুম শেষে আবারো ওমরাহ পালনের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত হবে।
এছাড়া মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ২৯ এপ্রিলের পর যদি কেউ সৌদি আরবে অবস্থান করেন, তাদের ভিসা ও ধর্মীয় আচারবিষয়ক বিধান লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর আইন ভাঙলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ওমরাহ সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা) জরিমানা আরোপ করা হবে।

