ইসরায়েলি কোম্পানি মেকোরোট গাজা উপত্যকায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যার ফলে গাজা অঞ্চলের মোট পানি সরবরাহের ৭০ শতাংশ কার্যত বন্ধ হয়ে গেছে।
গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় সামরিক অভিযান চালানোর পর ওই এলাকার প্রধান পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “পাইপলাইনের ক্ষতির কারণ এখনও স্পষ্ট নয়, তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি।”
মেহান্না আরো বলেন, এই বিঘ্ন ইসরায়েলি বোমাবর্ষণের কারণে হতে পারে, অথবা এটি ইসরায়েলি কর্তৃপক্ষের রাজনৈতিক সিদ্ধান্তের ফলস্বরূপ হতে পারে।
তিনি সতর্ক করে জানান, যে কারণেই হোক না কেন, এর পরিণতি হবে ভয়াবহ। যদি শীঘ্রই পানি সরবরাহ পুনরায় চালু না করা হয়, তাহলে গাজা ভয়ঙ্কর পানি সংকটের সম্মুখীন হবে।
গাজার জনগণ বছরব্যাপী অবরোধ, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে ইতোমধ্যেই বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছে। সাম্প্রতিক সংঘাতের কারণে গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং এখন পানির সংকট আরও গভীর হয়ে উঠেছে।
ইসরায়েলি সামরিক আক্রমণে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির দুই মাস পর, মার্চে আবারও সামরিক অভিযান শুরু হয়েছে।

