গাজার অবর্ণনীয় মানবিক সংকট এবং ইসরায়েলি কর্তৃপক্ষের আন্তর্জাতিক আইন উপেক্ষার বিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৮ এপ্রিল) তিনি চতুর্থ জেনেভা কনভেনশনের বিভিন্ন বিধান উল্লেখ করে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দেন।
গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি বর্ণনা করতে বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে। তবে আমরা কখনও সত্য থেকে পালিয়ে যাব না।
তিনি আরো বলেন, এখন গাজার জনগণের জন্য খাদ্য, ওষুধ এবং জনস্বাস্থ্য সেবা রক্ষা করা হচ্ছে না। তিনি সতর্ক করেন, গাজার ক্রসিং পয়েন্টগুলোতে জরুরি সরবরাহ আটকে থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে।
জাতিসংঘ মহাসচিব গাজার বর্তমান অবস্থা আন্তর্জাতিক আইন এবং ইতিহাসের দৃষ্টিতে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, অমানবিকীকরণ বন্ধ করা এবং শান্তি পুনরুদ্ধার না করলে পশ্চিম তীরেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।
গুতেরেস গাজার জন্য অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি এবং পূর্ণ মানবিক প্রবেশাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এক মাসেরও বেশি সময় ধরে ত্রাণের প্রবাহ বন্ধ থাকার ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। খাদ্য, জ্বালানি, ওষুধ-সবকিছুই সীমিত হয়ে পড়েছে।
তিনি গাজার সংকট আরো গভীর হওয়ার জন্য ইসরায়েলের ‘অনুমোদন ব্যবস্থা’র কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি সাহায্যের প্রবাহকে আরো সীমিত করবে, শুধু শেষ ক্যালোরি এবং শেষ আটার দানা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে।
জাতিসংঘ মহাসচিব আরো জানান, জাতিসংঘ এমন কোনো ব্যবস্থা মেনে নেবে না, যা মানবিক নীতিমালা যেমন মানবতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, গাজার পরিস্থিতি এখন একটি হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে অবরোধের কারণে বেসামরিক নাগরিকরা মৃত্যুর চক্রে আটকা পড়ে আছে।
গুতেরেস যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সব আশা শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, গাজার ফিলিস্তিনি পরিবার এবং ইসরায়েলে জিম্মিদের পরিবারের আশা এখন নিঃশেষিত।
তিনি আবারো জোর দিয়ে বলেন, এখন আমাদের মূল নীতিগুলোর প্রতি অটল থাকতে হবে- অমানবিকীকরণ বন্ধ করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া, জিম্মিদের মুক্তি, জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করা এবং যুদ্ধবিরতি পুনরায় শুরু করার সময় এসেছে।

