যুক্তরাষ্ট্রে ইহুদি-বিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে আর মিলবে না ভিসা বা স্থায়ী বসবাসের অনুমতি। এমন কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সূত্র: দ্য নিউজ
মার্কিন অভিবাসন বিভাগ জানিয়েছে, তারা বিদেশি নাগরিকদের ভিসা বা বসবাসের আবেদন মূল্যায়নের সময় তাদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপও খতিয়ে দেখবে। যদি কোনো পোস্ট ইহুদি-বিরোধী হিসেবে বিবেচিত হয়, তাহলে সেই আবেদন বাতিল করা হবে।
এই উদ্যোগের আওতায় এমন সব পোস্ট অন্তর্ভুক্ত থাকবে যেখানে যুক্তরাষ্ট্র-ঘোষিত সন্ত্রাসী সংগঠন- যেমন হামাস, হিজবুল্লাহ বা হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যার পরিপ্রেক্ষিতেই এই নতুন পদক্ষেপ। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে বাক-স্বাধীনতার অধিকার রয়েছে, প্রশাসন বলছে, এটি কোনো অবস্থাতেই সহিংসতা বা সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার লাইসেন্স হতে পারে না।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, ‘যারা ভাবছেন, ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদকে সমর্থন করে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন, তারা ভুল ভাবছেন। আপনাদের এখানে স্বাগত জানানো হবে না।’
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) জানিয়েছে, কোনো ব্যক্তি যদি ইহুদি-বিরোধী সন্ত্রাসী কার্যক্রম, সংগঠন বা তাদের সমর্থনে প্রকাশ্যে মত দেয়- তা ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নীতিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এটি শিক্ষার্থী ভিসাসহ স্থায়ী বসবাসের আবেদন (গ্রিন কার্ড)- এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, গত মাসের শেষের দিকে তিনি প্রায় ৩০০ জনের ভিসা বাতিল করেছেন এবং এই প্রক্রিয়া প্রতিদিনই চলছে।

