ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটবে প্যারিস। এ লক্ষ্যে জুনে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। সূত্র: এএফপি
বুধবার (৯ এপ্রিল) ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফ্রান্স-৫-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাঁক্রো বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে এগোতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য, সৌদি আরবসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে জুনে জাতিসংঘের কনফারেন্সে এই সিদ্ধান্তে উপনীত হওয়া।
ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, আমি এই পদক্ষেপ নিতে যাচ্ছি, কারণ এটি সময়োচিত। একইসঙ্গে আমি চাই যারা ফিলিস্তিনকে সমর্থন করেন, তারা যেন পাল্টাভাবে ইসরায়েলকেও স্বীকৃতি দেন- যা এখনো অনেকেই করেন না।
ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন বার্তাসংস্থা এএফপি-কে বলেন, ফ্রান্সের স্বীকৃতি হবে আমাদের অধিকারের প্রতি সম্মান জানানো এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি।
উল্লেখ্য ফ্রান্স বহুদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে থাকলেও এতদিন তা ছিল কেবল নীতিগত সমর্থন। এবার সরাসরি স্বীকৃতির পথে এগোলে সেটি হবে ফরাসি পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়।
তবে বিষয়টিতে চরম আপত্তি থাকতে পারে ইসরায়েলের। তারা মনে করছে, এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সময়োপযোগী নয় এবং এটি হবে একপক্ষীয় ও অপরিপক্ব সিদ্ধান্ত।

