ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দিয়ে শান্তি আনা সম্ভব নয়- এমন মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানকে ঘিরে একের পর এক হুমকিতে আন্তর্জাতিক মহল আজ ক্লান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় বুধবার (৯ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ বক্তব্য দেন। সূত্র: রয়টার্স
জাখারোভা বলেন, ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকি শান্তির পথে কোনো সহায়ক নয়। বোমা ফেলে শান্তি আনা যায় না- এটি এখন অনেকের বোধগম্য হয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনার মধ্যে এই মন্তব্য এল। আগামী শনিবার উভয় দেশের মধ্যে আলোচনার কথা থাকলেও ইরানি কর্মকর্তারা তাতে খুব একটা আশাবাদী নন। তাদের দাবি, ওয়াশিংটনের উদ্দেশ্য এখনও সন্দেহজনক। প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার ঘোষণা দিলেও শপথ নেওয়ার পর থেকেই ইরানকে সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন।
এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রের কঠোর বক্তব্য সম্পর্কে আমরা সচেতন। তেহরান ইতোমধ্যে নিজেদের নিরাপত্তায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। তবে সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।
বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় শুরু হলেও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ কয়েকটি পশ্চিমা দেশ অভিযোগ করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া ইরান থেকে ড্রোনসহ বিভিন্ন অস্ত্র কিনেছে। দুই দেশ চলতি বছর একটি ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষর করেছে। তবে সেই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারার অন্তর্ভুক্তি নেই।
রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করে জাখারোভা বলেন, আমরা এমন একটি কূটনৈতিক সমাধান চাই, যা পশ্চিমা দেশগুলোর সন্দেহ দূর করবে এবং পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করবে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। কিন্তু এতে পুরো দায় তেহরানের ওপর চাপানো যৌক্তিক নয়।
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া কঠোর ভাষায় বার্তা দিলেও তারা এখনই মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরে সংঘাতে জড়াতে চায় না। তবে এ অঞ্চলে উত্তেজনার বিস্তার রুখতে যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখতে চায় মস্কো।

