গাজা শহরে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ জনেরও বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৩৪ জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজার শেজাইয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী এই বিমান হামলা চালায়। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু রয়েছে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের নতুন করে গাজায় বিমান হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
এর পূর্বে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার ও হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহে আবারও হামলা শুরু করে তেলআবিব।
ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকে রয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবা বিভাগ। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের জন্য স্থানান্তরিত হচ্ছে।
এই হামলার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। মানবিক বিপর্যয়ের আশঙ্কায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক মহল।

