ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে, বন্দরনগরী হোদেইদায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। এছাড়া এ হামলায় আরো ১৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে লোহিত সাগরের উপকূলবর্তী শহর হোদেইদার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিশু এবং দুইজন নারী রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে গত মার্চের ১৫ তারিখ থেকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করে, যা এখনও চলমান। হুতিরা পূর্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা চালিয়েছিল।
এই পরিস্থিতির ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌরুটে চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশ্বের প্রায় ১২ শতাংশ জাহাজ এই রুট ব্যবহার করলেও বর্তমানে অধিকাংশ জাহাজ বিকল্প পথ দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রান্ত দিয়ে দীর্ঘপথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।

